ছাত্রলীগের পূর্ণাঙ্গ ৩০১ সদস্যর কমিটি থেকে বিতর্কিতদের বাদ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান করবেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। দাবি না মানা হলে পবিত্র ঈদুল ফিতরের দিনও সেখানে অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (২৭ মে) ছাত্রলীগের পদবঞ্চিতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান।
এদিকে বিতর্কিতদের বাদ না দিয়েই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ছাত্রলীগ। সোমবার ধানমণ্ডি ৩২-এ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
এর আগে ১৫ মে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সংগঠনটির নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তখন অপরাধী ও বিতর্কিতদের কমিটি থেকে বাদ দিতেও নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। অথচ সেই নির্দেশনা পালন না করে রোববার মধ্যরাতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ।
এর আগে গত ১৩ মে সম্মেলনের এক বছর গঠিত হয় ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। নবগঠিত এ কমিটি থেকে সর্বশেষ কমিটির গুরুত্বপূর্ণ পদ ও অবস্থানে থাকা অর্ধশত নেতা বাদ পড়েন ও প্রত্যাশিত পদবঞ্চিত হন।
আন্দোলনকারীদের অন্যতম সর্বশেষ কমিটির দফতর বিষয়ক উপসম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন বলেন, আওয়ামী লীগের সিনিয়র নেতারা যখন আমাদের ডাকলেন, তাদের প্রতি সম্মান রেখে আমরা আন্দোলন স্থগিত করি। তারা তখন বলেছেন আমাদের সব দাবি মেনে নেবেন। অথচ একটি দাবিও মানা হয়নি। বরং আমাদেরকে নানাভাবে হয়রানি করা হয়েছে।
তিনি বলেন, অপরাধীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন হতে পারে না। বিএনপি-জামায়াত রাজাকারের সন্তানরা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেবে- আমরা তা মেনে নিতে পারি না। সেজন্য এ কর্মসূচি আমরা প্রত্যাখ্যা করেছি।
পদবঞ্চিত নেতা আরও বলেন, যেদিন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে তার আগের রাতে ফেসবুকে তা জানানো হয়। আমরা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদে রাত ১টা থেকে অবস্থান নিয়েছি। আমরা সভাপতি ও সাধারণ সম্পাদককে আহ্বান জানিয়েছিলাম অপরাধীদের বাদ দিয়ে এ কর্মসূচি পালন করতে। কিন্তু তারা তা করেননি।
সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে কয়েক ধাপে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এদের মধ্যে বিতর্কিত অর্ধশত নেতাও ছিলেন। এমনকি সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করে বিতর্কিত যেই ১৭ জনের নাম ঘোষণা করেছিলেন তাদের অনেককেও দেখা গেছে।




