
‘লকডাউন’ না মেনে রাস্তায় বের হলে তাকে গুলি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার টানা ২১ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন।
প্রথমে তিনি জনগণকে অনুরোধ করেন ঘরে থাকার। সঙ্গে রাজ্যবাসীকে প্রশাসনের সঙ্গে সহযোগিতারও আরজি জানান। তারপর বলেন, ‘যদি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হবে। সেই সঙ্গে সেনাও মোতায়েন করা হবে।’
কোনো জরুরি প্রয়োজন হলে রাজ্যবাসীকে ১০০ নম্বরে ডায়াল করার পরামর্শ দিয়েছেন চন্দ্রশেখর রাও। এই সময় রাজ্যের ব্যবসায়ীদের কালোবাজারি থেকেও দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
তেলেঙ্গানায় এখন পর্যন্ত ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই জানিয়েছে কেসিআর। মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা বিদেশ থেকে এসেছেন তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। কেউ এই নিয়ম ভাঙলে তার পাসপোর্ট বাজেয়াপ্ত হবে ও শাস্তি দেওয়া হবে।’




