
প্রেম ভালোবাসায় অসম্ভব বলে কিছু নেই। এবার তেমনই এক অসম্ভবকে সম্ভব করলেন এক যুবক। তার গল্প যেন হার মানাল সিনেমার গল্পকেও। বাস্তবেও যে এমন ঘটনা ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। সম্প্রতি ভারতের উত্তরাখণ্ডের এক ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে ব্যতিক্রমী কাণ্ড। তুষারপাতের মধ্যেই চার কিলোমিটার হেঁটে বিয়ে করতে গেলেন এক যুবক।
ভারতীয় সংবাদমাধ্যম মারফত জানা যায়, জানুয়ারির শেষে বরফের চাদরে ঢেকে গিয়েছে হিমাচল প্রদেশ। উত্তরাখণ্ডে সাধারণ জীবনযাপনও দায় হয়ে গিয়েছে স্থানীয়দের। এমনই বরফে মোড়া উত্তরাখণ্ডে বসেছে বিয়ের আসর। বিয়ের দিন যদিও ঠিক হয়েছিল বেশ কয়েক দিন আগেই। তাই তুষারপাতের জন্য যে বিয়েতে সমস্যা হতে পারে, তা তখন স্বপ্নেও ভাবেননি বর কিংবা কনেপক্ষের কেউই। বিয়ের দিন যত এগিয়ে আসছিল, ততই বাড়ছিল চিন্তা। সকলেই ভাবছিলেন তুষারপাতের জন্য বানচাল না হয়ে যায় বিয়ে। ভাবনার সঙ্গে মিল রইল বাস্তবের। বিয়ের দিন সকাল থেকে শুরু হল তুষারপাত। সাদা বরফে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। তার জেরে বন্ধ যানচলাচল। ঠিক কীভাবে যে গাড়িতে চড়ে বিয়ে করতে যাবেন বর, তা ভাবতে পারছেন না কেউই। তবে বিয়ের সিদ্ধান্ত তো আর বদল করা যায় না। তাই বর সিদ্ধান্ত নিলেন গাড়ি না যাক হেঁটেই যাবেন বিয়ে করতে। সেই অনুযায়ী বরযাত্রীকে সঙ্গে নিয়ে কনের বাড়ির লোকজনের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলেন বর। শেরওয়ানি পরে ছাতা মাথায় ৪ কিলোমিটার রাস্তা হাঁটলেন তিনি। গন্তব্য বিয়ের মণ্ডপ।
বরফে মোড়া রাস্তায় ছাতা মাথায় শেরওয়ানি পরা বরকে হেঁটে যেতে দেখে অবাক হয়ে যান প্রায় সকলেই। এমন বিরল দৃশ্য ভিডিও করে রাখেন অনেকেই। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নিমেষেই।
বরফে মোড়া রাস্তা পেরিয়ে হেঁটে বিয়ে করতে যাওয়া বরকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। রসিকদের দাবি, ওই যুবক নাকি ‘বেস্ট গ্রুম অ্যাওয়ার্ড’ পাওয়ার যোগ্য।



