তিন হাজারি ক্লাবে মাহমুদুল্লাহ

বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিন হাজার রান ক্লাবে নাম লেখালেন মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। মাহমুদুল্লাহ’র আগে বাংলাদেশের হয়ে এই তালিকায় নাম লিখিয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুল।
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে ১৪০ ওয়ানডে ম্যাচে মাহমুদুল্লাহর রান ছিল ২৯৭২। তাই ৩ হাজারি ক্লাবে প্রবেশ করতে তার প্রয়োজন ছিলো মাত্র ২৮ রান। বাংলাদেশ ইনিংসের ৪৬তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি দিয়ে ৩’হাজার রান পূর্ণ করেন মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত ৬টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৪৬ রান করে অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।
ওয়ানডেতে তিন হাজার রান করা বাংলাদেশের ব্যাটসম্যানরা :
ব্যাটসম্যান ম্যাচ ইনিংস রান গড়
তামিম ইকবাল ১৬৯ ১৬৭ ৫৪৫০ ৩৩.৪৩
সাকিব আল হাসান ১৭৩ ১৬৩ ৪৮১৫ ৩৪.৬৪
মুশফিকুর রহিম ১৭২ ১৫৮ ৪২৩৫ ৩১.৮৪
মোহাম্মদ আশরাফুল ১৭৫ ১ ৬৮ ৩৪৬৮ ২২.৩৭
মাহমুদুল্লাহ রিয়াদ ১৪১ ১২২ ৩০১৮ ৩৩.৯১




