তিতাসের গাবতলী খেলার মাঠ উদ্ধারের দাবিতে মানব বন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের গাবতলী খেলার মাঠ উদ্ধারের দাবিতে শুক্রবার বিকেলে মাঠ প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন পর্যায়ের লোকজন। এই মাঠে প্রায় আড়াই বছর ধরে সড়ক নির্মানের জন্য জনৈক ঠিকাদার পুরো মাঠ দখল করে নির্মান সামগ্রী রাখায় এলাকার স্কুল, মাদরাসার শিক্ষার্থী সহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের খেলাধুলা বন্ধ রয়েছে। দ্রুত এসব নির্মান সামগ্রী সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেছে মানববন্ধনে আগত বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন মোঃ আলমগীর হোসেন আলম, মোঃ ইসমাইল হোসেন, মোঃ রুকনুজ্জামান রুকন সরকার, সাবেক ইউপি সদস্য মোঃ রাসেল মিয়া ও মোঃ অহিদুজ্জামান প্রমুখ। এছাড়া গাবতলী জামে মসজিদ, ইবতেদায়ী মাদরাসা ও ঈদগাহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মানববন্ধনের প্রতি সংহতি প্রকাশ করেন।




