তিতাসের কাপাশ কান্দি মডেল একাডেমিক ভবন নির্মাণ বিলম্বিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার তিতাস উপজেলার কাপাশ কান্দি মডেল একাডেমিক ভবন নির্মাণ বিলম্বিত হওয়ায় দূর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা। ২০০৪ সালে প্রতিষ্ঠিত স্কুলটি একটি পরিত্যাক্ত ভবনে শিক্ষা-কার্যক্রম চালিয়ে আসছিল, বিগত ২০২০ সালের ১৩ জানুয়ারি তৎকালীন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমির হোসেন ভুইয়া চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে ৫৪২ দিনে ভবন নির্মানের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও করোনা কালীন জটিলতায় নির্মাণ কাজ বিলম্বিত হয়। বর্তমানে প্রায় চারশো শিক্ষার্থী ও ১১ জন শিক্ষক এখানে প্রাইমারি স্কুলের নীচতলা সহ পরিত্যাক্ত ভবনে পাঠদান চালাচ্ছে। এদিকে আশার আলো হলো চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ২১ তারিখে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় চলচ্চিত্রের অন্যতম চিত্র নায়ক কাপাশ কান্দি গ্রামের কৃতি সন্তান ফেরদৌস আহমেদ। তাঁর দিকনির্দেশনায় ও শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি আলোকিত বিদ্যাঙ্গন হিসেবে প্রতিষ্ঠাতা সহ সকলের মুখ উজ্জ্বল করবে এমনটি প্রত্যাশা অভিজ্ঞ মহলের। স্কুলের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান জানান, দ্রুত নতুন একাডেমিক ভবন নির্মানের কাজ সম্পন্ন না হলে ভোগান্তিতেই থাকতে হবে সকলকে।




