শিক্ষাশিরোনাম

ঢাবি ছাত্রী ধর্ষণ উন্নতির নিচে ক্রন্দন: সিরাজুল ইসলাম চৌধুরী

সামাজিকতা ও জবাবদিহি—দুটোর চর্চাই আমাদের করতে হবে বলে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, উন্নতি সম্পর্কেও আমাদের সচেতন হতে হবে। ভাবতে হবে কোন ধরনের উন্নতি হচ্ছে।
তিনি আরও বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ে মেয়েরা কত দূর এগিয়েছে? অনেক বিভাগে ছেলের চেয়ে মেয়ের সংখ্যা বেশি, অনেক ক্লাসে মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করে। কিন্তু নিরাপত্তা কতটা পাচ্ছে? বিশ্ববিদ্যালয়ে এখন যৌন নির্যাতন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বাসে করে বান্ধবীর বাসায় যাওয়ার পথে একজন ছাত্রীকে এক মাদকাসক্ত ও ভবঘুরে ধর্ষণ করল। এই ঘটনা আমাদের উন্নতির নিচে যে ক্রন্দন আছে, তারই প্রতিচ্ছবি।
রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ‘অ্যাকাউন্টিং উইক-২০২০’ উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জবাবদিহি আজকে খুব জরুরি। সমাজ ও রাষ্ট্রে এখন জবাবদিহির ভীষণ অভাব, তাই জবাবদিহির চর্চা করতে হবে।
সমাজে ক্রমাগত বিচ্ছিন্নতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যত উন্নত হচ্ছি, তত একে অপর থেকে বিচ্ছিন্ন হচ্ছি। এই বিচ্ছিন্নতা দূর করার ক্ষেত্র হচ্ছে এই ধরনের সামাজিক অনুষ্ঠান।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘দেশভাগ আর রাষ্ট্রভাগ তো হলো, এবার কী হবে? এবার করতে হবে সমাজবদল। ব্যক্তিমালিকানার জায়গা থেকে যেতে হবে সামাজিক মালিকানায়। কায়েদ-এ-আজম মোহাম্মদ আলী জিন্নাহর প্রদর্শিত পথ পরিত্যাগ করে যেতে হবে সামাজিক উন্নতির দিকে। সবার উন্নতির মধ্যে আমার উন্নতি নিহিত, সবার মুক্তির মধ্যে আমার মুক্তি নিহিত—দরকার এই বোধ।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি স্বদেশ রঞ্জন সাহা।
উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। সপ্তাহব্যাপী এই আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও কুইজ, আবৃত্তি, খেলাধুলা, নৃত্য, সংগীত, ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতা, র‍্যাফেল ড্রসহ থাকছে নানা আয়োজন।
আগামী ২৪ জানুয়ারি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৫০ বছর এবং ২৫ জানুয়ারি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি থাকবেন যথাক্রমে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। ৫০ বছর পূর্তি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button