
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভূক্ত সব স্নাতক সমমানের মেডিক্যাল কোর্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে নিতে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রস্তাবনা প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে কমিটিতে বিএসএমএমইউ’র ভিসি, বিএমএ, বিএমডিসি’র প্রতিনিধিরা থাকবেন।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেডিক্যাল কলেজসমূহের শিক্ষা কোর্স বিএসএমএমইউ’র আওতায় আনা যায় তা পরীক্ষা নিরীক্ষা করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় অর্ধশত সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ পরিচালিত হচ্ছে। বিষ্ববিদ্যালয়ের একটি ডিন অফিসের মাধ্যমে এসব নিয়ন্ত্রণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্বদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. ইসমাইল খান, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




