ঢাবিতে হামলার প্রতিবাদে বেরোবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল

বেরোবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট।
বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাবিতে হামলা ও ছাত্রীদের ওপর যৌন নিপীড়নের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ করে কবি হেয়াত মামুদ ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহŸায়ক মোনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- শাখা ছাত্র ইউনিয়নের আহŸায়ক জিনাত আফরিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহ-সভাপতি উৎপল কুমার মহন্ত,রুহুল আমিন প্রমুখ ।
বক্তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের হাতে ছাত্রীদের যৌন হয়রানির পরও কোনো বিচার হয়নি। উল্টো বিচার চাইতে এসে আবারও যৌন হয়রানি, সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তারা হামলাকারী ও নিপীড়নকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন।
উল্লেখ্য, আন্দোলনরত ছাত্রীদের উপর নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাওয়ের পর মঙ্গলবার বিকেলে অবস্থানরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে অবরুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য মো. আখতারুজ্জামানকে উদ্ধার করে ছাত্রলীগ।
টানা ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নেতৃত্বে সংগঠনের একদল কর্মী অবস্থানকারীদের পিটিয়ে সেখান থেকে সরিয়ে দেন।
অবস্থান ভেঙে শিক্ষার্থীরা বের হয়ে আসার সময় বিভিন্ন ফটকের সামনে থাকা ছাত্রলীগ কর্মীরা আবারও তাদের উপর হামলা চালায়। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ কয়েকটি বাম ছাত্র সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হন।
এর আগে সাত অধিভুক্ত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এর পরপরই ছাত্রলীগ নেতারা অবস্থানকারীদের ছত্রভঙ্গ করে ও ছাত্রীদের উপর নিপীড়ন চালায়।
এরই প্রতিবাদে ১৭ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা ফটক ভেঙে নিজ কার্যালয়ে প্রক্টরকে অবরুদ্ধ করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দিলে লাগাতার আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।




