শিক্ষাশিরোনাম

ঢাবিতে নীল দলের ভিসি প্যানেল চূড়ান্ত, এগিয়ে অধ্যাপক সামাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের উপাচার্য (ভিসি) প্যানেল চূড়ান্ত হয়েছে। দলের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এতে এগিয়ে রয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীল দলের অভ্যন্তরীণ সভায় চূড়ান্ত প্যানেল মনোনীত হয়। এতে দলের মোট ৫৪ ভোটারের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। এ ছাড়া একটি ভোট নষ্ট হওয়ায় মোট ভোট পড়ে ৫২টি।
নীল দল সূত্রে জানা যায়, প্যানেলে অধ্যাপক সামাদ পান ৪২ ভোট। অন্যদিকে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান পান ৩৬ ভোট।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল ৩০, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ২৮ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ২০ ভোট পান।
ভোটের আগে সন্ধ্যা ৬টার দিকে নীল দলের শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সবাইকে নিয়ে একটি রুদ্ধদ্বার সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনজনের ভিসি প্যানেল উত্থাপন করা হয়। তা নিয়ে মতৈক্য না হওয়ায় ব্যক্তি পর্যায়ে ভোটাভুটির আয়োজন করা হয়।
ঢাবিতে বর্তমানে সিনেটের মোট সদস্য সংখ্যা ১০৫ জন। এর মধ্যে বেশিরভাগ সদস্যই নীল দলের। শিক্ষক প্রতিনিধিদের ৩৫ জনের মধ্যে ৩৩ জনই নীল দলের। তাঁরা সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকের সময়ে নির্বাচিত। বাকি দুজন বিএনপি সমর্থক সাদা দল থেকে নির্বাচিত।
ঢাবি ১৯৭৩-এর আর্টিকেল ২১(২) ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ বুধবার সিনেটের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১(১) ধারা অনুযায়ী আচার্যের কাছে উপাচার্য নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল মনোনয়ন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button