বিবিধশিরোনাম

ঢাকা সিটিতে সুষ্ঠু ভোট চায় যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্য

ঢাকার দুই সিটির নির্বাচনে সুষ্ঠু ভোট আশা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বৃহস্পতিবার দুপুরে তার বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্বাচন নিয়ে এই আশাবাদের কথা জানান।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে বের হওয়ার বিষয়ে রবার্ট ডিকসনের বাসায় দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দুই সিটিতে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান দুই দলের চার প্রার্থীর সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার।
তাদের সঙ্গে আলোচনার পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তার প্রত্যাশা জানতে চাইলে, রবার্ট ডিকসন বলেন, চার প্রার্থীর সঙ্গে আমি কথা বলেছি। আলোচনা করেছি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে। নির্বাচন নিয়ে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য এক কৌতূহল উদ্দীপক আর গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটা একটি বৃহৎ নির্বাচন যেখানে ৫০ লাখের বেশি ভোটার গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পাবেন। আমি আশা করব, জনগণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধে এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন। আর ভোটের ফলাফল হবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় যেখানে জনমতের প্রতিফলন ঘটবে। শনিবারের নির্বাচন কেমন হচ্ছে তা নিয়ে কূটনীতিক সম্প্রদায়ের অন্যদের সঙ্গে আমিও দেখব।
এদিকে যুক্তরাষ্ট্র আশা করে, শনিবার অনুষ্ঠেয় ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে।
ঢাকায় মার্কিন দূতাবাস বৃহস্পতিবার তাদের ফেইসবুক পেজে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এই আশাবাদের কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেইসবুক পেজে বলা হয়েছে, আমরা ঢাকার জন্য একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সিটি করপোরেশন নির্বাচন কামনা করছি। শান্তিপূর্ণ নির্বাচন ও অর্থনৈতিক সমৃদ্ধি হাতে হাত রেখে চলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button