
বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ঢাকা-কলকাতা রুটে চলাচল করা মৈত্রী এক্সপ্রেসের নতুন ট্রিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আজ থেকে নতুন করে আরও একদিন যুক্ত হওয়ায় সপ্তাহে ৫ দিন ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল করবে। শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার। ঢাকা-কলকাতা রুটে ট্রেন প্রতি সোম ও বৃহস্পতিবার বন্ধ থাকবে। সপ্তাহে ৫ দিন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যাবে এবং কলকাতায় পৌঁছাবে বিকেল ৪ টায়।
তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ-ভারতের মধ্যে বর্তমানে যে সম্পর্ক রয়েছে, সে সম্পর্ক ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। তাই ২ দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও বৃদ্ধি পাবে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে নতুন করে মৈত্রী এক্সপ্রেসের ট্রিপ বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত নূরুল ইসলাম সুজন জানান, পর্যায়ক্রমে ঢাকা-কলকাতার মধ্যকার সব রুটের ট্রেন চালু করা হবে এবং ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা মৈত্রী এক্সপ্রেসকে সপ্তাহে যেন ৬ দিন চালানো যায়, সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



