জাতীয়শিরোনাম

ডিএনসিসি নির্বাচন : মঙ্গলবার মধ্যরাত থেকে তিনদিন মোটরসাইকেল নিষিদ্ধ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা থেকে শুক্রবার (১ মার্চ) মধ্যরাত পর্যন্ত তিনদিনের জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ভোট গ্রহণের দিন ২৮ ফেব্রুয়ারি সব যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ সড়ক, প্রধান-প্রধান রাস্তা ও মহাসড়কের জন্য এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম জানিয়েছেন, রাজধানীর অংশ হওয়ায় ডিএনসিসির ভেতর দিয়েই আন্তঃজেলা পরিবহন চলাচল করবে। এক্ষেত্রে সংযোগ সড়ক এসবের আওতায় পড়বে। আবার প্রধান প্রধান রাস্তায় যান চলাচল করবে। তাই জনগণের অসুবিধার কথা চিন্তা করে ডিএনসিসির মধ্যে মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাইরে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা ওই রকম রাস্তায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
ইতোমত্যে যান চলাচলের নিষেধাজ্ঞাটি বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সচিবকে নির্দেশনা পাঠিয়েছেন ইসি উপ-সচিব আতিয়ার রহমান।
এতে বলা হয়েছে- ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১ মার্চ মধ্যরাত পর্যন্ত তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচল একদম নিষেধ। আর অন্য সব যান চলাচল বন্ধ থাকবে ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত। এক দিনের জন্য।
এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের (নির্বাচন কমিশন থেকে পরিচয়পত্র পদর্শন করতে হবে) ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চালাচলও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা শিথিলের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে পারবে।
অন্যদিকে বিমানবন্দরে যাত্রী যাওয়ার গাড়ি এবং বিদেশ থেকে আসা যাত্রী ও তার আত্মীয় স্বজনের চলাচলের জন্য গাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এজন্য বিমান টিকিট তথা উপযুক্ত প্রমাণ সঙ্গে রাখতে হবে। বিদেশি কূটনৈতিক ও দূতাবাসে কর্মরত দেশি-বিদেশির দূতাবাসে চলাচলের গাড়িও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
২৮ ফেব্রুয়ারি মেয়র পদে উপ-নির্বাচন ছাড়াও ১৮টি নতুন ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দু’টি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি নতুন ওয়ার্ডেও এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের জন্যও নির্বাচনী এলাকায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button