ঠাকুরগাঁওয়ে ফেইক আইডি খুলে প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ফেইক ফেসবুক আইডি খুলে প্রতারণা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্স জানানো হয়। মোবাইল ফোনে ফেইক ফেসবুক আইডি খুলে অজ্ঞাত ভারতীয় নারীর পরিচয় ধারণ করে বিভিন্ন ব্যক্তিবর্গের ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রলুব্ধ করতঃ প্রতারণা পূর্বক মোটা অঙ্কের টাকা দাবি করে। এ সংক্রান্তে জনৈক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখা, ঠাকুরগাঁও বিষয়টি নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের এক পর্যায়ে অজ্ঞাত ভারতীয় নারীর পরিচয় ধারণকারী মোঃ আজিম খান (৩৭), পিতা- মোঃ আব্বাস আলী, সাং- নিশ্চিন্তপুর, থানা ও জেলা- ঠাকুরগাঁও শনাক্ত পূর্বক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর ব্যবহৃত ভারতীয় সিমসহ একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, আসামী বিভিন্ন সময় ভারতীয় নারীর পরিচয়ে একাধিক ফেইক ফেসবুক আইডি খুলে বাংলাদেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ফেসবুক ম্যাসেঞ্জারে চ্যাটিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদের (চাকুরীজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তি) সাথে সখ্যতা তৈরি করে। এক পর্যায়ে টার্গেটকে ভিডিও কল করে অজ্ঞাত নারীর নগ্ন ভিডিও প্রদর্শণ করে এবং উক্ত ভিডিও কলের রেকর্ড সংরক্ষণ করে। উক্ত সংরক্ষণকৃত আপত্তিকর ভিডিও কলের রেকর্ডে টার্গেটকৃত ব্যক্তি ও অজ্ঞাত নারীর নগ্ন ভিডিও দৃশ্যমান হয়। পরবর্তীতে আপত্তিকর ভিডিও চিত্র টার্গেট এর মেসেঞ্জার ও হোয়াটস্অ্যাপে পাঠিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।




