Uncategorized

ট্রাম্প প্রশাসন ছাড়লেন জাতীয় গোয়েন্দা পরিচালক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ছাড়লেন আরো এক শীর্ষ কর্মকর্তা। এবার পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক ড্যান কোটস।
স্থানীয় সময় গতকাল রোববার এক টুইটে ট্রাম্প জানান, ১৫ আগস্ট দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন কোটস। আর কোটসের স্থলাভিষিক্ত হবেন টেক্সাসের কংগ্রেস সদস্য জন র‍্যাটক্লিফ।
রাশিয়া ও উত্তর কোরিয়া বিষয়ে কোটস ও ট্রাম্পের মধ্যে প্রায়ই মতানৈক্য দেখা দিত। জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও জাতীয় নিরাপত্তা সংস্থাসহ (এনএসএ) যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তদারকি করতেন কোটস।
কিন্তু গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনের পুরোটা সময় নিয়মিত কোটসের মতামতের বিরোধিতা করে গেছেন ট্রাম্প। গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনায় বরাবরই মুখর ট্রাম্প।
এ বছরের জানুয়ারিতে ট্রাম্প মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধানদের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে সঠিক মূল্যায়ন না করতে পারার অভিযোগ তোলেন।
সাবেক মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের পর ট্রাম্প প্রশাসন ছাড়া প্রভাবশালী কর্মকর্তাদের সর্বশেষ সংযোজন ড্যান কোটস।
নিজের পদত্যাগপত্রে কোটস লেখেন, ‘আড়াই বছরের দায়িত্ব পালনকালে মার্কিন গোয়েন্দা বিভাগগুলো অন্য যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। তাই আমি বিশ্বাস করি, জীবনের পরবর্তী অধ্যায়ের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার সময় এসেছে।’
কোটস আরো জানান, পররাষ্ট্রনীতি নিয়ে বিভিন্ন সময়ে পরস্পরের মধ্যে মতানৈক্য হলেও গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট তাঁকে দায়িত্ব পালন করে যেতে বলেন।
যে বিষয়গুলোতে কোটস ও ট্রাম্পের বিরোধ ছিল, সেগুলোর মধ্যে অন্যতম হলো—মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, ইরান পরমাণু চুক্তি এবং উত্তর কোরিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button