ট্রাম্পকে ‘চরম সীমা’ অতিক্রম না করার আহ্বান আব্বাসের

কথিত ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘চরম সীমা (রেড লাইন)’ অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
মঙ্গলবার ট্রাম্প এই পরিকল্পনা প্রকাশের আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিদ্বন্দ্বী বেনি গানৎজকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে মিডলইস্ট আই জানিয়েছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল জর্ডান ভ্যালির ওপর সার্বভৌমত্ব দাবি করবে এবং তাৎক্ষণিক অধিকৃত পশ্চিমতীরে ১৫টি অবৈধ ইসরায়েলি বসতিসহ সংযোগ ভূমিকে দেশটির সঙ্গে যুক্ত করবে।
ট্রাম্পের এই শান্তি পরিকল্পনায় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা হবে। পরবর্তীতে সামরিক বাহিনী ছাড়া ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়ে একমত হওয়ার বিষয়টি উল্লেখ থাকবে।
এরই পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘(ট্রাম্পের) এই পরিকল্পনার পরিণতি হবে ফিলিস্তিনি সরকার বিলুপ্ত করে দেওয়া এবং ইসরায়েলকে পুরোপুরি দখলদার শক্তি হিসেবে সব দায় বহন করা।’
এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমরা ইসরায়েল এবং আমেরিকান প্রশাসনকে চরম সীমা অতিক্রম না করার বিষয়ে সতর্ক করছি।’



