টি-টেন ক্রিকেট : ইতিহাসের সাক্ষী হতে পারলেন না মোস্তাফিজ

ক্রিকেটের নতুন ফরম্যাটের খেলা টি-টেন শুরু হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেট ইতিহাসের নতুন এ সংস্করণটি। তবে দুর্ভাগ্য বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমানের, ইতিহাসের সাক্ষী হতে পারছেন না। কারণ বিসিবির কাছ থেকে অনাপত্তি পত্র পাননি তিনি।
ইতোমধ্যেই টি-টেন লিগটিতে ডাক পাওয়া খেলোয়াড়রা পৌঁছে গেছেন দুবাইয়ে। বাংলাদেশ থেকে ডাক পাওয়া বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান উড়ে গেছেন। অপর দিকে তামিম ইকবালও বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন।
কিন্তু যাওয়া হচ্ছে না বাংলাদেশের তরুণ কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। এই লিগে বেঙ্গল টাইগার্সে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু বিপিএলের পঞ্চম আসরে মাত্র কয়েকটি ম্যাচ খেলা এই পেসারকে অনাপত্তিপত্র দেয়নি ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। তাই এই লিগে খেলা হচ্ছে না তার।
টি-১০ এর এই নতুন খেলায় আজ মুখোমুখি হবে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের দল পাখতুনস এবং মারাঠা অ্যারাবিয়ানসের। বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।
অপরদিকে দিনের প্রথম ম্যাচে বেঙ্গল টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল কেরালা কিংস। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে। কিন্তু মোস্তাফিজকে অনুমতি দেয়া হয়নি। তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে।’
ক্রিকেটের ইতিহাসের নতুন এই সংস্করণে প্রতিটি ইনিংস হবে ১০ ওভার। আর সময়ের দৈর্ঘ্য হবে ফুটবল ম্যাচের সমান ৯০ মিনিট।
ছয়টি দল এই আসরে অংশ নিচ্ছে। দলগুলো হলো- পাঞ্জাবি লিজেন্ডস, কেরালা কিংস, মারাঠা অ্যারাবিয়ানস, পাখতুনস, টিম শ্রীলঙ্কা ও বেঙ্গল টাইগার্স।
এটি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) টি-টেন ভার্সন।




