জাতীয়শিরোনাম

টিভি সাংবাদিক-কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও বেতন নিশ্চিত করার আহ্বান তথ্যমন্ত্রীর

করোনা পরিস্থিতিতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ও বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, করোনার এই বৈশ্বিক দুর্যোগের সময় সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। তারা এ কাজটি শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন।
ইতিমধ্যে কয়েকজন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক সংবাদকর্মীকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সুতরাং তারা ঝুঁকি নিয়ে কাজ করছে। এই ঝুঁকি নিয়ে কাজ করার ক্ষেত্রে কিভাবে তাদের সহায়তা করা যায়, স্বাস্থ্য সুরক্ষা দেয়া যায়, সে বিষয়ে আজ আলোচনা হয়েছে।
এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা এবং জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছানোর জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একই সঙ্গে গুজবের বিরুদ্ধে মূলধারার মিডিয়াগুলো, টেলিভিশন ও পত্রিকা যে বলিষ্ঠ ভূমিকা রাখছে এ জন্যও তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
অনেক টেলিভিশন থেকে বেতন-ভাতা দেয়া হয়নি বলে আজকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আমাকে জানিয়েছে উল্লেখ ড. হাছান মাহমুদ বলেন, আমি সব টেলিভিশন চ্যানেলের পরিচালনা পর্ষদকে অনুরোধ জানাব, যাদের বেতন ভাতা দেয়া হয়নি এই পরিস্থিতিতে আপনাদের কোন কারণে অসুবিধা হলেও তাদের বেতন-ভাতা ও পরিশোধ করে দেয়ার জন্য।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সভাপতি রেজওয়ানুল হক রাজার নেতৃত্বে সেন্টার সচিব শাকিল আহমেদ এবং সৈয়দ ইশতিয়াক রেজা, নজরুল কবীর ও শাহনাজ শারমিন বৈঠকে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button