
ভার্ডার ব্রেমেনকে তাদেরই মাঠে হারিয়ে টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। আর বুন্দেসলিগার ইতিহাসে রেকর্ড ৩০তম শিরোপা ঘরে তুললো বায়ার্ন।
এক গোলে জয় নিশ্চিত হলেও ম্যাচের প্রথম থেকেই দাপট দেখায় বায়ার্ন। আর খেলার ৪৩তম মিনিটে জয়সূচক গোলটি আদায় করে নেয়। জেরোমে বোয়াটেংয়ের উঁচু করে বাড়ানো বল ডান পায়ের কোনাকুনি শটে গোলটি করেন পোলিশ তারকা লেভান্ডভস্কি।
চলমান লিগে সর্বোচ্চ ৩১টি গোল হলো এই ফরোয়ার্ডের। যেখানে সব প্রতিযোগিতা মিলে ৪০ ম্যাচে ৪৬টি গোল করলেন তিনি।
বিরতির পরও ভালো পজিশনে ছিল বায়ার্ন। তবে ৬০তম মিনিটে টমাস মুলারের ক্রসে গোল করতে ব্যর্থ হন লেভা।
যদিও ৮০তম মিনিটে বায়ার্ন মিডফিল্ডার আলফুঁস ডেভিস প্রতিপক্ষের সার্ব ডিফেন্ডার মিলোস ভেলিকোভিচকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। এ অবস্থায় গোল হজম করতে পারতো বায়ার্ন।
তবে ম্যানুয়েল ন্যুয়ারের কাছে পরাস্থ হয় প্রতিপক্ষের ফুটবলাররা। কিন্তু ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শিরোপা নিশ্চিত হয় বায়র্নানের।




