
পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে এসেছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০২ রান।
নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সফরসঙ্গীদের নিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় উদযাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দারুণ এ জয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এ সময় সবাইকে নিয়ে বিজয়সূচক চিহ্ন প্রদর্শন করেন প্রধানমন্ত্রী। দেশের জন্য গুরুত্বপূর্ণ এই জয় এনে দেয়ায় টাইগারদের অভিনন্দনও জানিয়েছেন তিনি।
জাতিসংঘে একের পর এক সভায় অংশ নেয়া এবং অন্যান্য ব্যস্ততার মাঝেও এশিয়া কাপের খবর নিয়মিত রাখছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, নিউইয়র্ক থেকেই প্রধানমন্ত্রী অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া ফাইনালে বাংলাদেশ যেন আরও ভালো করতে পারে এর জন্য শুভকামনা জানিয়েছেন ক্রিকেটপ্রিয় প্রধানমন্ত্রী।
জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী। তিনি ১ অক্টোবর সকালে লন্ডন হয়ে দেশে ফিরবেন।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে কর্মব্যস্ত দিন কাটাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দেবেন। এছাড়া আজ আন্তর্জাতিক দুটি পুরস্কার গ্রহণের কথা রয়েছে। জাতিসংঘের মহাসচিব এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তিনি বৈঠক করবেন।




