
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে শুক্রবার (৩ এপ্রিল) জুম্মার নামাজে দেশের সব মসজিদে বাংলা বয়ানকে নিরুৎসাহিত করে শুধুমাত্র সংক্ষিপ্ত খুতবা ও ফরজ নামাজ পড়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি নামাজের সময় কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ইসলামিক ফাউ ন্ডেশন জানায়, করোনা সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাই নামাজের আগে বাংলা বয়ান না দিয়ে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে খুতবা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া বয়স্ক মুসুল্লিসহ যে কোনো বয়সের মুসুল্লি যাদের হাঁচি কাশি, জ্বর কিংবা গলা ব্যথা রয়েছে তাদেরকে জুম্মার নামাজসহ সব নামাজ বাসায় পড়তে বলা হয়েছে। পাশাপাশি যে কোনো রোগে আক্রান্তদের মসজিদে না যাওয়ারও পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এছাড়া মুসুল্লিদের ফরজ নামাজ ছাড়া সুন্নাত ও নফল নামাজ বাসায় পড়তে আহবান জানানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে ইতিমধ্যেই বিশ্বের অনেক মুসলিম দেশে মসজিদে নামাজ বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, আলেমরা পরামর্শ দিয়েছেন, করোনার সংক্রমণ রোধে জরুরি পদক্ষেপ হিসেবে সব ধরনের জনসমাগম বন্ধের পাশাপাশি মসজিদে জুমা ও জামাতে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখা। মসজিদ বন্ধ থাকবে না, তবে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে আসা যাবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করোনার বিস্তার রোধে মুসলমানদের ঘরেই নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন। অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।




