জুভেন্তাসের জয়ে রোনালদো-দিবালার গোল
বিরতির পর প্রায় একক প্রচেষ্টায় অসাধারণ একটি গোল করলেন পাওলো দিবালা, খানিক পর দূর থেকে নেওয়া এক শটে লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর কৌশলী এক গোলে ব্যবধান আরও বাড়িয়ে দেন তাদের সতীর্থ দগলাস কস্তা। আর এই তিনে তুলনামূলক দুর্বল দল জেনোয়াকে হারিয়েছে জুভেন্তাস।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ৩-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে মাওরিসিও সাররির দল। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭২, সমান ম্যাচ খেলে চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে লাৎসিও।
নিজেদের মাঠে প্রথমার্ধের খেলা অতিথি জুভেন্তাসকে খুব একটা সুবিধা করে উঠতে দেয়নি জেনোয়া। দলটির গোলকিপার মাতিয়া পেরিন রোনালদো-দিবালাদের অনেকগুলো গোল প্রচেষ্টা রুখে দেয়।
তবে দ্বিতীয়ার্ধে জুভেন্তাসের একের পর এক আক্রমণের তেমন কোনো জবাব দিতে পারেনি জেনোয়া। শেষ দিতে গোলকিপার পেরিন অন্তত হাফ ডজন গোল চেষ্টা রুখে না দিলে আরও বড় নিয়ে মাঠ ছাড়তে পারত জুভেন্তাস।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। ৫০তম মিনিচে সতীর্থ হুয়ান কুয়াদরাদোর পাসে বল পেয়ে অন্তত তিনজন ডিফেন্ডারকে পরাস্ত করে গোলের উদ্দেশে শট নেন দিবালা। কিন্তু লক্ষ্যে জড়ায়নি। ফিরে আসা বলে আবার শটে গোলটি করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
এর সাত মিনিট পর গোলের দেখা পান রোনালদো। জেনোয়ার অর্ধে মিরালেম পিয়ানিচের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলটি করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার ২৪ তম গোল।
ম্যাচের ৭৩তম মিনিটে স্বাগতিক দলের কফিনে শেষ পেরেক ঠুকেন কস্তা। দিবালার পাসে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে জালে বল জড়ান বদলি নামা ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
এর তিন মিনিট পর একটি সান্ত্বনাসূচক গোল পায় জেনোয়া। জুভেন্তাসের হুয়ান কুয়াদরাদোর পা থেকে ছুটে যাওয়া বল পেয়ে গোলটি করেন ইতালিয়ান স্ট্রাইকার আন্দ্রে পিনামন্তি। করোনা সংকট পরবর্তী ফুটবলে সব ধরনের প্রতিযোগিতায় গত পাঁচ ম্যাচে এই প্রথম কোনো গোল হজম করল জুভেন্তাস।



