শিক্ষাশিরোনাম

জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে সব দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েদের চেয়ে পিছিয়ে রয়েছে ছেলেরা। তবে অংশগ্রহণের ক্ষেত্রে এগিয়ে ছেলেরা।
সোমবার (০৬ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
অন্যান্যবার প্রধানমন্ত্রীর হাতে ফল হস্তান্তর করা হলেও এবার তিনি দেশে না থাকায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে পরীক্ষার ফলের সার-সংক্ষেপ তুলে দেওয়া হয়। তবে শিক্ষামন্ত্রী দীপু মনি টেলিফোনে প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে সংযুক্ত করেন। পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছেন তাদের প্রধানমন্ত্রী অভিনন্দন জানান।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি জানান, এ বছরের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার ২.১৫ শতাংশ বেশি।
এ বছর মোট পরীক্ষার্থী ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। ছাত্র ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ও ছাত্রী ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন ছাত্র পাস করেছে। অন্যদিকে ছাত্রী পাস করেছে ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন।
শিক্ষার্থীদের উত্তীর্ণের হার: ছাত্র ৮১.১৩ শতাংশ এবং ছাত্রী ৮৩.২৮ শতাংশ। পরীক্ষার্থী ছাত্র বেশি হলেও ছাত্রী পাস করেছে বেশি।
জিপিএ-৫ এ-ও এগিয়ে মেয়েরা। ১০ বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। এদের মধ্যে ৫২ হাজার ১১০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
৮টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্যে দেখা গেছে, ৮ বোর্ডে মোট ১৬ লাখ ৯৪ হাজার ৬৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ লাখ ২০ হাজার ৯৮০ জন এবং ছাত্রী ৮ লাখ ৭৩ হাজার ৬৭২ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ২৬২ জন ছাত্র এবং ৭ লাখ ২৯ হাজার ৮৯৫ জন ছাত্রী।
পাসের হার ছাত্র ৮২.০১ শতাংশ এবং ছাত্রী ৮৩.৫৪ শতাংশ। এ বছরের পরীক্ষায় ৮ সাধারণ বোর্ডে ছাত্রের তুলনায় ৫২ হাজার ৬৯২ জন ছাত্রী বেশি অংশ নিয়েছে এবং ৫৬ হাজার ৬৩৩ জন ছাত্রী বেশি পাস করেছে। ছাত্রের তুলনায় ১.৫৩ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে এ বছরের পরীক্ষায়।
এবার এসএসসিতে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হবে।
মাদরাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ। পূর্বপশ্চিম ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button