বিনোদন

জারিন খানকে বিয়ে করতে চলেছেন সালমান!

বয়স ৫৩ হলেও ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খান। আর বোধ হয় বিয়ে করবেন না সুপারস্টার!—এরই মধ্যে সালমানের অনেক ভক্ত হতাশায় নিমজ্জিত হয়েছেন। তবে অনেকে এখনো অপেক্ষায় রয়েছেন, কবে সালমান তাঁর বিয়ের দিন-তারিখ ঘোষণা দেবেন। আর সালমানও সেই আশা জিইয়ে রেখেছেন।
তবে এবার পাত্রী প্রস্তুত। কে জানেন? বলিউডের ভাইজানের ‘বীর’ ও ‘যুবরাজ’ সহ-অভিনেত্রী জারিন খান! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজ মুখে এ কথা বলেছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, এক সাক্ষাৎকারে জারিন খানকে জিজ্ঞেস করা হয়েছিল সালমান খান, করণ সিং গ্রোভার ও গৌতম রোদের মধ্যে কাকে তিনি মারতে চান, কার সঙ্গে সম্পর্কে জড়াতে চান? আর কাকেই বা বিয়ে করতে চান?
উত্তরে আবেদনময়ী অভিনেত্রী জারিন খান বলেন, ‘আমি কাউকেই মারতে চাই না। আবার বিয়েতেও বিশ্বাস করি না। আমার মতে, বিয়ে একটা স্বচ্ছ প্রতিষ্ঠান, তবে বর্তমানে এটি ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। করণ ও গৌতম দুজনেই যেহেতু বিবাহিত, তাই সালমানের সঙ্গেই সম্পর্কে জড়াতে চাই। সালমানের সঙ্গে আমার বিয়ে হচ্ছে—এমন গুজব ছড়াতেও খুব ইচ্ছে করে।’
জারিন খানকে সর্বশেষ ‘আকসার টু’, ‘হেট স্টোরি থ্রি’ ও ‘১৯২১’ ছবিতে দেখা গিয়েছিল। তবে বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। শোনা যাচ্ছে, এবার তেলেগু ছবিতে অভিষেক হতে চলেছে এ অভিনেত্রীর।
গত মে মাসে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন জানিয়েছিল, বিয়ে না করলেও সুপারস্টার শাহরুখ খান ও নির্মাতা-প্রযোজক করণ জোহরের পদাঙ্ক অনুসরণ করে সারোগেসির (গর্ভভাড়া) মাধ্যমে বাবা হওয়ার পরিকল্পনা করছেন সালমান খান।
সালমান খান এখন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় কিস্তিতে তাঁর বিপরীতে বরাবরের মতো রয়েছেন লাস্যময়ী অভিনেত্রী সোনাক্ষি সিনহা। ভারতের মধ্যপ্রদেশে এই ছবির শুটিং শুরু হয়। এখন এ ছবির শুটিং চলছে রাজস্থানে।
আরবাজ খান প্রযোজিত ও প্রভুদেবা পরিচালিত এ ছবিতে আরো রয়েছেন সোনু সুদ ও প্রমোদ খান্না। চলতি বছরের ২০ ডিসেম্বর বড়পর্দায় উঠবে ছবিটি।
এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া ভাট। এর পরই রয়েছে ‘কিক টু’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button