জামালপুরে করোনা উপসর্গ নিয়ে পোশাকশ্রমিকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া গ্রামে নিজ বাড়িতে ১৮ বছর বয়সী ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, গত বৃহস্পতিবার শ্বাসকষ্ট নিয়ে নামাপাড়া গ্রামের ওই ব্যক্তি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। এ সময় করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে তাকে জামালপুরে রেফার্ড করা হয়। কিন্তু তিনি জামালপুরে না গিয়ে তার নিজ বাড়িতেই অবস্থান করেন।
পরে শনিবার সকালে তার মৃত্যু হলে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুর পর ওই পরিবারের ১০ জনের নমুনা সংগ্রহ করে ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।
জামালপুরে এখন পর্যন্ত ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছে ১০৯ জন।




