জাবি প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রত্যাখ্যান শিক্ষক-শিক্ষার্থীদের

সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে (জাবি) সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ভিসির বাসভবন ভাঙচুরসহ শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সিন্ডিকেট কর্তৃক গঠিত তদন্ত কমিটিকে পক্ষপাতদুষ্ট উল্লেখ্য করে তা প্রত্যাখ্যান করেছেন বিশ^বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১টায় বিশ^বিদ্যালয় কলা ও মানবিক অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ প্রত্যাখ্যানের কথা জানান শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের মুখপাত্র দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন।
তিনি বলেন, অধ্যাপক অসিত বরণ পালকে প্রধান করে ছয় সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের সবাই প্রশাসনপন্থী শিক্ষক। তাদের মধ্যে একাধিক ব্যক্তি সিন্ডিকেট সদস্য। যে সিন্ডিকেট কি না শিক্ষার্থীদের গ্রেফতার ও মামলার সিদ্ধান্ত নিয়েছিল। এ ক্ষেত্রে বাদি স্বয়ং বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এ কমিটির কাছ থেকে ন্যায়বিচার আশা করা যায় না। তাই এ কমিটিকে আমরা প্রত্যাখ্যান করছি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ইতোমধ্যে পুলিশ মামলার আসামি হিসেবে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। ভালো রিপোর্ট দেয়ার নামে উৎকোচ গ্রহণ করা হচ্ছে। এর জন্য বিশ^বিদ্যালয় প্রশাসনের অদূরদর্শিতাকেই দায়ী করেন তিনি।
বিশ^বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ তাদের দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিশ^বিদ্যালয়ের ভিসি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ ছাড়া আগামী ১৪ জুন বুধাবর বেলা ১১টায় বিশ^বিদ্যালয় শহীদ মিনারের পাদদেশ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে বিশ^বিদ্যালয় রেজিস্ট্রার ভবনের সামনে সমাবেশের মাধ্যমে সমাপ্তি হবে। একই সাথে ঈদের ছুটি শেষে আগামী ২ জুলাই থেকে ৪ জুলাই গণস্বাক্ষর গ্রহণ এবং একই দিনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক শামছুল আলম সেলিম, অধ্যাপক মো: শরিফ উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান সুমন, সহযোগী অধ্যাপক আনিছা পারভীন জলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




