শিক্ষা

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি: লেখক, শিক্ষাবিদ ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার দুপুর ১২টায় শেখ রাসেল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ওই বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম হুমাইদা, সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, ১ম ব্যাচের শিক্ষার্থী সাব্বির রহমান, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী শিহাব উদ্দীন, ৫ম ব্যাচের শিক্ষার্থী মারিয়া ও ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী জাকির।
মানববন্ধনে ড. মো. নজরুল ইসলাম বলেন, ধর্মান্ধ ও স্বাধীনতা বিরোধিরা এদেশের উন্নয়ন সহ্য করতে পারে না। তারা এদেশের বুদ্ধিজীবী মহলকে ভয় পায়। এজন্য বুদ্ধিজীবীসহ যারা অন্যায়ের প্রতিবাদ করে, যারা মুক্তমত প্রকাশ করতে চায় বারবার তাদের উপর হামলা চালানো হচ্ছে।
তিনি দাবী করেন, প্রতিবাদী লেখক ড. জাফর ইকবালকে সুপরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে প্রতিবাদী কন্ঠস্বরকে থামিয়ে দেয়ার চেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা। মানববন্ধন থেকে অনতিবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতার দাবি করে ড. জাফর ইকবালের সুস্থতা কামনা করেন তিনি।
এদিকে, দুপুর দেড়টার দিকে একই স্থানে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সমিতির সভাপতি প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ, গণিত বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান সেলিম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মাজেদুল হক, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বকুল চন্দ্র, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, অবিনাশ সরকার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, ড. জাফর ইকবাল মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন ব্যক্তি। এ হামলা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। শিক্ষক সমাজের উপর এমন ন্যাক্কারজনক হামলা দেশ, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হামলা। এই হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
এসময় জড়িতদের শাস্তির দাবীতে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণাও দেন শিক্ষক সমিতি। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button