ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়।
ঢাকা ও ঢাকার বাইরের (যথাক্রমে ৩ এবং ৪২টি) মোট ৪৫টি কেন্দ্রে আগামী ৬, ১৩ এবং ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ঢাবি প্রশাসনিক ভবনের ২০৭নং কক্ষ থেকে ১০০ টাকা মূল্যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
২০ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
২৯ নভেম্বর দুপুর ১টার মধ্যে লিখিত পত্রের মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ৪৬ (৯) ধারা অনুযায়ী প্রত্যেক ভোটারের কাছে ভোটার আইডি কার্ড পাঠানো হবে এবং ৪৬ (১৪) ধারা অনুযায়ী কার্ড দেখিয়ে ভোটাররা ভোট প্রদান করতে পারবেন। ভোটদানপত্র গ্রহণ করার সময় ভোটার আইডি কার্ড পুলিং অফিসারের কাছে অর্পণ করতে হবে।
আগামী ১৫ নভেম্বর বুধবার থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অফিস চলাকালীন প্রশাসনিক ভবনের ২১৪ নম্বর কক্ষ থেকে নিজে উপস্থিত থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে হবে। পূর্ণাঙ্গ ভোটার তালিকার চারটি খণ্ড একসাথে নগদ ছয় হাজার ৫০০ টাকা মূল্যে প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে।
তিন ধাপে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম ধাপ আগামী ৬ জানুয়ারি ঢাকার বাইরে ২৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
কেন্দ্রেগুলো হলো- শেরপুর সরকারি কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, শরিয়তপুর সরকারি কলেজ, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ, বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ, আগৈলঝারা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, ঝালকাঠি সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, বাউফল সরকারি কলেজ, ভোলা সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চৌমুহনী সরকারি এস এ কলেজ, এম সি কলেজ, আযম খান সরকারি কমার্স কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সরকারি মাইকেল মধুসূধন কলেজ, সরকারি ভিক্টোরিয়া কলেজ, সরকারি কে সি কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সরকারি আযিযুল হক কলেজ, সরকারি কারমাইকেল কলেজ ও সরকারি এডওয়ার্ড কলেজ।
আগামী ১৩ জানুয়ারি ১৩টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কেন্দ্রগুলো হলো- ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, নরসিংদী সরকারি কলেজ, সরকারি তোলারাম কলেজ, সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি হরগঙ্গা কলেজ, আনন্দমোহন কলেজ, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ, কুমুদিনী সরকারি কলেজ, গুরুদয়াল সরকারি কলেজ, সরকারি আশেক মাহমুদ কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, রাজবাড়ী সরকারি কলেজ এবং সরকারি নাজিমউদ্দিন কলেজ।
ঢাকায় নিচের কেন্দ্রগুলোতে আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন (১ থেকে ১৮,০০০ পর্যন্ত আজীবন সদস্য), টিএসসি (১৮,০০১ থেকে ৩৭,২৩৩ পর্যন্ত আজীবন সদস্য) এবং শারীরিক শিক্ষা কেন্দ্র (৩৭,২৩৪ থেকে ৪৩,৯৯৭ পর্যন্ত এককালীন সদস্য)।
আগামী ২১ জানুয়ারি রোববার ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।




