
জাতীয় পার্টির নবম সম্মেলনে বেগম রওশন এরশাদকে পার্টির ‘চিফ প্যাট্রন তথা প্রধান পৃষ্ঠপোষক’ আর গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
মহাসচিব পদে বহাল আছে মসিউর রহমান রাঙ্গা। এছাড়া চারটি কো-চেয়ারম্যান পদ থাকবে বলে সম্মেলনে জানানো হয়েছে। বর্তমানে একটি সিনিয়র ও একটি কো-চেয়ারম্যান পদ রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শীর্ষ পদ নিয়ে দলে দেবর-ভাবির (জিএম কাদের-রওশন এরশাদ) দীর্ঘদিনের বিরোধ যাতে কাউন্সিলে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করে, সেজন্য শুক্রবারই প্রেসিডিয়াম সদস্যরা এক বৈঠকে বসে দেবর-ভাবির জন্য পদ নির্ধারণ করে দিয়েছেন।
দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী হিসেবে সর্বোচ্চ সম্মান দিতে রওশন এরশাদের জন্য আমৃত্যু দলের সর্বোচ্চ ‘চিফ প্যাট্রন তথা প্রধান পৃষ্ঠপোষক’ পদ সৃষ্টি করা হয়েছে।
সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। উদ্বোধনী বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এতে উপস্থিত ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুর পর এটাই প্রথম কাউন্সিল। এর আগে তার জীবদ্দশায় এবং উপস্থিতিতে আটটি কেন্দ্রীয় সম্মেলন হয়েছে।
গত ২০১৬ সালের ১৪ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সর্বশেষ কাউন্সিল হয়। এতে প্রায় ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেটসহ লক্ষাধিক প্রতিনিধি যোগ দেন। গঠনতন্ত্রে তিন বছর পরপর কাউন্সিল করার বিধান রয়েছে। কিন্তু পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের মৃত্যুর কারণে ২৮ ডিসেম্বর কাউন্সিল করার তারিখ নির্ধারণ করা হয়।




