আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এবার ওয়াশিংটনের ২ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

যুক্তরাষ্ট্র দুই রুশ কূটনীতিককে বহিষ্কারের পর এর পাল্টা হিসেবে রাশিয়াও ওয়াশিংটনের দুই কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রাইয়াবকভ দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘অসংগত কর্মকাণ্ড করায়’ ওই দুই কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে রাশিয়া ওই দুই কূটনীতিকের নাম প্রকাশ করেনি। ওই দুই কূটনীতিকের মধ্যে একজন আছেন, যাঁকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটলো।
এর আগে মস্কোয় পুলিশের হাতে একজন মার্কিন কূটনীতিক মারধরের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে দুজন রুশ কূটনীতিককে বহিষ্কারের কথা জানায় যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, গত ৬ জুন মস্কোয় তাঁদের একজন কূটনীতিকের ওপর ‘বিনা উসকানিতে’ পুলিশ হামলা চালায়। এর প্রতিক্রিয়া হিসেবে ১৭ জুন দুই রুশ কূটনীতিককে ওয়াশিংটন ছাড়তে বলা হয়। তবে ‘হামলার শিকার’ মার্কিন কূটনীতিক কিংবা বহিষ্কৃত দুই রুশ কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি।
রাশিয়া বলেছে, গত ৬ জুন মস্কোয় মার্কিন দূতাবাসের কাছে এক মার্কিন কূটনীতিকের কাছে পুলিশ পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা না দেখিয়ে উল্টো পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।
রাশিয়ার দাবি, ওই কূটনীতিক মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে রাশিয়ায় গোপন কার্যক্রম চালাচ্ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button