জাতীয়শিরোনাম

জাতীয় পরিচয়পত্র: আবেদনপ্রার্থীকে সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধন এবং এ-সংক্রান্ত কোনো আবেদনপ্রার্থী নতুন অন্তর্ভুক্তি, সংশোধন, কর্তন বা স্থানান্তর সেবার জন্য অফিসে আসলে তাকে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৭ মে) ইসির সহকারী সচিব (গবেষণা ও উন্নয়ন) আরাফাত আরা স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ইদানীং কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত বিষয়ে সেবা প্রার্থীকে সেবা দেয়া হচ্ছে না। নানাভাবে হয়রানি করা হচ্ছে। সেবা দিতে অহেতুক গড়িমসি/দীর্ঘসূত্রিতার আশ্রয় নেয়া হচ্ছে। এনআইডি সংক্রান্ত কোনো আবেদনপ্রার্থী নতুন অন্তর্ভুক্তি, সংশোধন, কর্তন বা স্থানান্তর সেবার জন্য অফিসে আসলে তাকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করতে হবে। সেবাপ্রার্থী যাতে হয়রানির শিকার না হন এ বিষয়টি নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, এনআইডি সংশোধন সেবা পেতে কোনো ব্যক্তি আবেদন করলে তা প্রয়োজনীয় সব ডকুমেন্টের তিন দিনের মধ্যে আপলোড করে চেক বাই উপজেলা করে দিতে হবে। আবেদনকারীর কাছে বারবার ডকুমেন্ট চাওয়া যাবে না, চাহিত সেবা অনুযায়ী যে সব ডকুমেন্ট প্রয়োজন তা সুস্পষ্টভাবে উল্লেখ করে স্বাক্ষরিত স্লিপের মাধ্যমে দিতে হবে।
নতুন অন্তর্ভুক্তি সংক্রান্ত সেবা দেয়ার ক্ষেত্রে উপজেলা থেকে দ্রুততম সময়ের মধ্যে যাচাই-বাছাই করে জেলায় পাঠাতে হবে এবং জেলা থেকে প্রিন্ট করে ৭ দিনের মধ্যে ভোটারের কাছে পৌঁছাতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তারা তার নিজের অফিসের পাশাপাশি তার আওতাধীন উপজেলা নির্বাচন অফিস মনিটর করবেন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অফিস এবং তার আওতাধীন জেলা নির্বাচন অফিসগুলো মনিটর করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button