
জঙ্গিবাদে তরুণদের উৎসাহিত করার অভিযোগে অভিযুক্ত ইসলামী বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উসকানির কোনো প্রমাণ পাওয়া যায় নি বলে জানিয়েছে মহারাষ্ট্র স্টেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট (এসআইডি)।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য হিন্দু’ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য পর্যালোচনা করে এসআইডি জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উসকানির অভিযোগের কোন প্রমাণ পায়নি।
উল্লেখ্য, জাকির নায়েক ওমরাহ পালন করে সৌদি আরব থেকে গতকাল ভারতে ফেরার কথা থাকলেও হঠাৎ তা বাতিল করে এক মাসের জন্য আফ্রিকায় যাচ্ছেন বলে জানা গেছে।
পিস টিভির খ্যাতিমান এই বক্তা দেশে ফিরলেই সন্ত্রাসবাদে উসকানির অভিযোগে গ্রেফতার হতে পারেন বলে গুজব উঠলেও এসআইডি তা উড়িয়ে দেয়। এসআইডি জানায়, জাকির নায়েককে গ্রেফতারের কোন কারণ নেই।
দ্য হিন্দু জানায়, প্রাথমিকভাবে জাকির নায়েকের শত শত বক্তৃতার রেকর্ড নিয়ে তদন্ত শুরু করে এসআইডি। বক্তৃতায় আইএসের প্রচার-প্রসারে কোনো বক্তব্য আছে কি না তা খতিয়ে দেখা হয়। ইতোমধ্যে তদন্তের ফলাফল ওপরমহলকে জানানো হয়েছে বলে জানা গেছে।




