
চট্টগ্রামের পৌর জহুর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪ কোটি টাকার কাপড় পুড়ে গেছে। নি:স্ব হয়েছেন প্রায় শতাধিক ব্যবসায়ী। এসব ব্যবসায়ীদের পুড়েছে নগদ টাকাও।
মার্কেটে অগ্নিকাণ্ডের খবর শুনে ব্যবসায়ীরা এসে দেখতে পান তাদের দোকান আগুনে পুড়ছে। এটা দেখে অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙ্গে পড়েন। তবে যেসব দোকানে আগুন লাগেনি তারা তাদের দোকানে থাকা কাপড় ও বিভিন্ন পণ্য দ্রুত সড়িয়ে নেন।
এরআগে, শনিবার (১৯ অক্টোবর) ভোরে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন পৌর জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক দোকান ও গোডাউন পুড়ে প্রায় ৪ কোটি টাকার কাপড় ও অন্যান্য পণ্য পুড়ে গেছে। এতে করে পুরোপুরি নি:স্ব হয়েছেন প্রায় শতাধিক ব্যবসায়ী। এছাড়া রাতে দোকানের ক্যাশে রাখা নগদ বিক্রির টাকাও পুড়ে গেছে।
নগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




