
ভারতশাসিত কাশ্মীর শনিবার অচল হয়ে পড়েছে। ওই অঞ্চলে কারফিউ জারি, ইন্টারনেট সেবা বন্ধ এবং হাজার হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। সংঘাতপূর্ণ এ অঞ্চলে বিপুলভাবে জনপ্রিয় স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী পালনের প্রেক্ষাপটে এ অচলাবস্থা তৈরি হয়েছে। খবর এএফপি’র।
ভারতশাসিত কাশ্মীরের বাসিন্দারা জানান, তারা জনগণের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করতে দেখেছেন। এদিকে গ্রামবাসীরা জানান, তারা ঘরের বাইরে বের হলে গুলি করা হবে বলে জানানো হয়েছে।
এক বছর আগে সরকারি বাহিনীর সদস্যরা স্থানীয়ভাবে বিপুল জনপ্রিয় স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানিকে গুলি করে হত্যা করার পর থেকেই বিতর্কিত এ অঞ্চলে ভারতের শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে বিগত কয়েক মাসে প্রায় ১শ’ জন নিহত ও বহু আহত হয়।
স্বাধীনতাকামী নেতারা ওয়ানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শনিবার থেকে সপ্তাহব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। ফলে কাশ্মীর উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সেখানে কারফিউ জারি করে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে।




