রাজনীতিশিরোনাম

‘জনপ্রতিনিধিদের উপেক্ষা করে আমলাদের দিয়ে দেশ পরিচালনা মঙ্গলজনক নয়’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনীতির মাঠে এখন আর রাজনীতিবিদরা নেই, মাঠে খেলছে আমলারা। রাজনীতিবিদরা সাইড লাইনে বসে খেলা দেখছে। তিনি বলেন, জনপ্রতিনিধিদের উপেক্ষা করে আমলাদের দিয়ে দেশ পরিচালনা কখনোই মঙ্গলজনক হবে না। আজ রোববার জাপার বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, সংবিধান অনুযায়ী দেশের মালিক হচ্ছেন জনগণ। তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনা করার কথা। কিন্তু কাজ কর্মে এমপি সাহেবদের খবরই নেই, আর সচিব সাহেবরা সব কাজ করেন মন্ত্রীরা শুধু জানতে চান। তিনি বলেন, জনপ্রতিনিধিরাই জনগণের দুঃখ-কষ্ট সবচেয়ে ভালো বোঝেন। তারাই জনগণের বেশি উপকার করতে পারেন।
আবার আমলারা হচ্ছে রোবটের মত, তারা একটি গন্ডির ভেতরে কাজ করতে অভ্যস্ত। আমলারা রাজনীতিবিদদের মত সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝে না।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মূল্য দিন। জনপ্রতিনিধিরা সুযোগ পেলে দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। জনপ্রতিনিধিদের উপেক্ষা করে আমলাদের দিয়ে দেশ পরিচালনা কখনোই মঙ্গলজনক হবে না। এরশাদ সাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে দেশ পরিচালনা করেছেন। তখন উপজেলা পরিষদ ও জেলা পরিষদ চেয়ারম্যানদের অধীনে আমলারা কাজ করেছেন। জনপ্রতিনিধিদের নির্দেশনায় কাজ করেছেন আমলারা। কিন্তু এখন উল্টে গেছে সবকিছু। উপজেলা চেয়ারম্যান হচ্ছেন ‘চেয়ারম্যান’ মানে চেয়ারে বসে থাকবেন। আর উপজেলা পরিষদ চালাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা পরিষদ চেয়ারম্যানের কথা ইউএনও সাহেব শুনলে ভালো, না শুনলে কিছুই করার নেই। জনপ্রতিনিধিরা যদি দেশ পরিচালনা করতে না পারে তা সংবিধান পরিপন্থি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button