জঙ্গি হামলার ঘটনায় গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে-এরশাদ

সম্প্রতি ঢাকার গুলশানে জঙ্গি হামলার ঘটনায় দেশের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
রোববার দুপুরে তিনদিনের ব্যক্তিগত সফরে রংপুর এসে নগরীর দর্শনার তার পল্লী নিবাস বাসভবনে তিনি এ মন্তব্য করেন। এ সময় এরশাদ বলেন, গুলশানের মত অভিজাত এলাকায় কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে নিরীহ মানুষ হত্যা করলো অথচ গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে কিছুই জানতে পারলো না। এ ক্ষেত্রে দেশের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যারা দায়িত্বে অবহেলা করেছে তাদের বাদ দিন।
বিশ্ববাসীর কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, দেশের সঙ্কট নিরসনে আমি সব দলকে নিয়ে আলোচনায় বসতে বলেছিলাম কিন্তু সেটাতে কাজ হবে না। সরকারকেই এর সমাধান করতে হবে। কারা এর মদদদাতা তা সরকারকেই খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববাসীর কাছে ছোট হয়েছি। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে এসে পৌঁছান এরশাদ। পরে তিনি সড়কপথে পল্লী নিবাস বাসভবনে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আসিফ শাহরিয়ার, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।




