শিরোনামশীর্ষ সংবাদ

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুরো ভারত বাংলাদেশের পাশে রয়েছে-মোদি

জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে ভারত সব সময় বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে বলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। মোদি বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুরো ভারত বাংলাদেশের পাশে রয়েছে।
জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী ভূমিকার জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে আপনি একা নন, এর বিরুদ্ধে আপনি যে লড়াই করছেন তাতে ভারত সব সময় আপনাকে পূর্ণ সমর্থন দেবে।’ খবর বিডিনিউজ, আনন্দবাজার পত্রিকা।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল ও পেট্রাপোল সমন্বিত চেকপোস্টের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সম্প্রতি ঢাকার গুলশানের একটি ক্যাফেতে এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈগদাহ ময়দানের কাছে জঙ্গি হামলায় ১৭ বিদেশীসহ ২৫ জন নিহত হন। গুলশানে নিহত বিদেশীদের মধ্যে ভারতেরও এক নাগরিক ছিলেন।
জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের জন্য শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদি।
প্রথমে বাংলায় বক্তব্য শুরু করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে আমাদের দুই দেশের মধ্যে আদান-প্রদান আরো সহজ হবে। আমরা আরো কাছাকাছি এলাম। এ শুভ অনুষ্ঠানে সবাইকে জানাই অভিনন্দন।’
এরপর মোদি হিন্দিতে কথা শুরু করে শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।
দুই দেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমন্বিত চেকপোস্টের উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, ‘আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। পারস্পরিক আদান-প্রদানের নিরিখেও আজকের দিনটি বিশেষ তাৎপযপূর্ণ।’
ভিডিও কনফারেন্সের এ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতাও বক্তব্য রাখেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button