
আবাসিক হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর পুরানা পল্টন মোড় ছেড়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা এই মোড়ে অবস্থান নেন। এতে এই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় প্রচণ্ড যানজটের। বেলা দেড়টার পর নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা রাস্তা ছাড়েন।
আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ করবেন। সেখানে বুদ্ধিজীবী, শিক্ষক, রাজনীতিবিদ ও সাংবাদিকরা তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে বুধবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে পল্টন মোড়ে অবস্থান নেয়। প্রথমে মিছিল নিয়ে তারা জাতীয় প্রেসক্লাব পর্যন্ত চলে আসে। এরপর তারা আবার পল্টন মোড়ে গিয়ে চারদিকে যান চলাচল বন্ধ করে দেয়।
পল্টম মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘হল চাই, হল চাই’ বলে স্লোগান দিতে থাকে। সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আসেন তারা। একটিতে লেখা ছিল, ‘হল চাই, নইলে ক্যাম্পাসে ঘুমাবো’। একজন লিখেছেন, ‘বুয়ার হাতে রান্না, আর না, আর না।’
কর্মদিবসে শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে মতিঝিল, গুলিস্তান, কাকরাইল, বিজয়নগর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট তীব্র হয়। পুলিশ শিক্ষার্থীদের ঘিরে রাখলেও কোনো বাধা দেয়নি।
সুত্র: ঢাকা টাইমস




