ছয় বছর পর শিরোপা জিতলো আবাহনী

ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ঢাকা আবাহনী। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আবাহনী ১-০ গোলে হারায় আরামবাগকে। ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার লি আন্দ্রে টাক।
ম্যাচের শুরু থেকেই আরামবাগের উপর আধিপত্য বিস্তার করে খেলে আবাহনী। ম্যাচের ৬ মিনিটেই গোল পেয়ে যেত তারা। কিন্তু আবাহনীর স্ট্রাইকার সানডে সিজোবার শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন আরামবাগ গোলরক্ষক মিতুল হাসান।
তবে ১১ মিনিটে আবাহনীকে আর রুখতে পারেনি আরামবাগ। সতীর্থ নাবিব নওয়াজের যোগান দেয়া বল গোলে পরিণত করেন আন্দ্রে টাক। ফলে ১-০ গোলে এগিয়ে যায় আবাহনী।
শেষ পর্যন্ত ঐ স্কোরেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে আবাহনী। সেই সাথে ২০১০ সালের পর আবারো ফেডারেশন কাপের শিরোপা জিতে নিলো আবাহনী। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন আবাহনীর আন্দ্রে টাক। টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেন আবাহনীর সানডে সিজোবা।




