জাতীয়

ছয়টি স্থানে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট, মিলবে অ্যাপেও

আগামী ঈদুল ফিতরে রাজধানীর পাঁচটি স্থানে মিলবে ট্রেনের অগ্রিম টিকিট। এ ছাড়া গাজীপুরের জয়দেবপুর থেকেও কাটা যাবে অগ্রিম টিকিট।
আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
মন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, ফুলবাড়িয়া, মিরপুর, কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশন ও গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাবে।’
নূরুল ইসলাম সুজন বলেন, ‘আগামী ২৮ এপ্রিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলের টিকিট কাটার নতুন অ্যাপ উদ্বোধন করা হবে। অ্যাপের মাধ্যমে ঘরে বসে ৫০ শতাংশ টিকিট কাটা যাবে। বাকি ৫০ শতাংশ কাউন্টার থেকে কাটতে হবে।’
রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ চালুর বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘২৫ এপ্রিল ট্রেনটি রাজশাহী থেকে উদ্বোধন করা হবে। ট্রেনের উদ্বোধনী যাত্রায় বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এরপর ২৭ এপ্রিল থেকে নিয়মিত ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলবে ট্রেনটি।’
মন্ত্রী জানান, ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে। আর ঈদের পর ঢাকা-বেনাপোল রোডে আরেকটি নন-স্টপ ট্রেন চালু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button