ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে আজ শনিবারও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে।
খুলনার শিববাড়ী এলাকায় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে শিক্ষার্থীরা আজ কোনো কর্মসূচি পালন করতে পারেনি। ব্রাহ্মণবাড়িয়া শহরে শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সামা মোহাম্মদ ইকবাল হায়াত শিক্ষার্থীদের হাতে ফুল ও চকলেট দিয়ে যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে তাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষে শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানিয়েছেন।




