চিকিৎসক ও পুলিশ সদস্য সহ গাজীপুরে ৫৪ করোনায় আক্রান্ত
সংবাদদাতা, গাজিপুর : তিন চিকিৎসকসহ গাজীপুরে এ পর্যন্ত ৫৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মঙ্গলবারই আক্রান্ত হয়েছেন ১৬ জন। জেলার সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান এ খবর নিশ্চিত করে বলেন, গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারীরসহ তিন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ নিশ্চিত হতে ওই হাসপাতালের ২৭ কর্মকর্তা-কর্মচারীর নমূনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় গাজীপুরে পুলিশের এক এসআই ও সিভিল সার্জন অফিসের আরো এক কর্মচারীসহ ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট ৫৪ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
তিনি বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের তিন চিকিৎসকের করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় রোববার তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর সোমবার বিকেলে তাদের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়। তাদেরকে আসোলেশনে রাখা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত ওই তিন চিকিৎসকের সংস্পর্শে আসায় করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হতে এ হাসপাতালের আরো ২৭ কর্মকর্তা-কর্মচারীর নমূনা সংগ্রহ করে সোমবার ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের পরিচালক জানান, গাজীপুরের তেঁতুইবাড়িস্থ এ হাসপাতালের রেডিওলোজী বিভাগের কনসালটেন্ট, প্লাস্টিক সার্জারী এবং নেফ্রোলোজী বিভাগের মোট তিনজন চিকিৎসকের দেহে সোমবার করোনাভাইরাস সনাক্ত হয়েছে। তারা আইসোলেশনে রয়েছেন। ওই তিন চিকিৎসক ঢাকা থেকে হাসপাতালে আসা যাওয়া করতেন। এদের মধ্যে দুই চিকিৎসক হাসপাতালের নিজস্ব বাসে অন্যদের সাথে যাতায়াত করতেন। তাদের সর্দি, জ্বর ও কাশি হলে রোববার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হলে সোমবার তাদের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। বর্তমানে তারা তিনজনই হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়া তাদের যদি কোনো কারনে অবস্থার অবনতি হয় সেজন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, ওই তিন চিকিৎসকের করোনা পজেটিভ হওয়ায় তাদের সংস্পর্শে আসা মোট ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ঢাকায় জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৫জনের করোনা ভাইরাস মঙ্গলবার নেগেটিভ এসেছে। তাদেরকে হোম কোরেন্টাইনে রাখা হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান জানান, গাজীপুরে গত ২৪ ঘন্টায় ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালের ওই তিন চিকিৎসক বাদে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট ৫১জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।




