চার জুলাই থেকে সব ব্যাংক বন্ধ

পয়লা জুলাই থেকে নয় জুলাই পর্যন্ত সরকারি বন্ধ। চার জুলাই থেকে বন্ধ থাকবে সব ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।জুলাইয়ের এক ও দুই তারিখ শুক্র ও শনিবার হওয়ায় এমনিতেই ব্যাংক বন্ধ থাকবে। আর তিন তারিখ শবে কদরের বন্ধ। এরপর চার তারিখও বন্ধ থাকবে ব্যাংক। খোলা হবে ঈদের পর ১০ জুলাই।
তবে গার্মেন্টস এলাকায় বাণিজ্যিক ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে শ্রমিকরা ঈদের আগে তাদের বেতন ভাতা ঠিকমতো নিতে পারেন। দুই ও তিন জুলাই বন্ধ থাকা স্বত্ত্বেও বাণিজ্যিক ব্যাংক খোলা রাখা হবে।
চার তারিখ সরকারি অফিস আদালত সহ সব কিছু খোলাই থাকার কথা ছিলো। কিন্তু সরকারি কর্মচারিদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে ওই দিন ছুটি ঘোষণা করেন। তার বদলে ১৬ জুলাই অফিস করার শর্ত দেন।
এরপর বাংলাদেশ ব্যাংকও চার তারিখ সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো। তবে দুই ও তিন তারিখ কিছু ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।




