চারজনকে মহাকাশ ভ্রমণে পাঠাবে স্পেসএক্স

স্পেসএক্স ফ্লাইট কোম্পানি চারজন সাধারণ মানুষকে মহাকাশ ভ্রমণে পাঠানোর পরিকল্পনা করছে। ২০২১ সালের শেষ দিকে কিংবা ২০২২’র শুরুতে ওই চারজনকে একবার পৃথিবীর চারদিকে ঘোরানো হবে।
মহাকাশ পর্যটন ব্যবসা বিষয়ক প্রতিষ্ঠান স্পেস অ্যাডভেঞ্চারের সঙ্গে মঙ্গলবার একটি চুক্তি করেছে স্পেসএক্স। স্পেস অ্যাডভেঞ্চার এর আগে সাতজনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, এই মিশনের খরচের কোনো তথ্য প্রকাশ করা হবে না। ভ্রমণের জন্য পর্যটকদের কী ধরনের প্রস্তুতি লাগবে সেসব বিষয়ে শুধু জানানো হবে।
ব্যক্তিগত ভ্রমণের জন্য মানুষকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা কয়েক বছর ধরেই চলছে। নাসা ইতিমধ্যে ভ্রমণার্থীদের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে।
নাসার শর্ত অনুযায়ী, মহাকাশ কেন্দ্রে ব্যক্তিগত নভোচারী পাঠাতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান। সেখানে ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন নভোচারীরা। ২০২০ সালে ‘যাতে দ্রুত সম্ভব’ এ ধরনের প্রথম অভিযান পরিচালনার আশা করছে নাসা।
নাসার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কোনো ভ্রমণার্থী থাকলে প্রতি রাতের জন্য ভাড়া গুণতে হবে ৩৫ হাজার মার্কিন ডলার। এর থেকে আয়ের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে চাঁদে প্রথম নারী এবং পরবর্তী পুরুষ পাঠানোর মিশনের তহবিল জোগাড় হবে।




