বিনোদন

চলতি মাসেই মুক্তি পাচ্ছে স্পর্শিয়ার ‘কাঠবিড়ালী’

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল অর্চিতা স্পর্শিয়ার প্রতীক্ষিত ছবি ‘কাঠবিড়ালী’। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি দিচ্ছেন ছবিটি বলে জানিয়েছেন পরিচালক নিয়ামুল।
তিনি বলেন, ১০ ডিসেম্বর ছবিটি ছাড়পত্র পেয়েছে। বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। এটাই আপাতত বড় প্রাপ্তি। তবে মূল প্রশান্তি আসবে দর্শকরা ছবিটি হলে গিয়ে দেখলে। আমরা ২৭ ডিসেম্বরে মুক্তির প্রস্তুতি নিচ্ছি।
পরিচালকের প্রথম ছবি এটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। এর আগে চিলেকোঠা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজার। যার মাধ্যমে ছবিটির গল্পের গভীরতার কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। যাতে দেখানো হয়েছে মানব-মানবীর চিরায়ত সম্পর্কের নাটকীয়তা।

সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু ছবিটির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নির্মাতার প্রথম ছবি এটি। প্রথম ছবিতেই দারুণ গল্প বলতে পেরেছেন তিনি। স্পর্শিয়াও দারুণ অভিনয় করেছেন। ছবিটির প্রতি আমার শুভকামনা থাকলো।
ছবিটি নিয়ে স্পর্শিয়া বলেন, এটা আমাদের স্বপ্নের ছবি। যাকে আমরা দুই বছরেরও বেশি সময় ধরে লালন-পালন করে আসছি। ছবিটিতে সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ছবিটি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়েছে জেনে কী যে খুশি লেগেছে আমার। এতে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।
তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়ণের পর এবার পেল সেন্সর সনদ। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button