আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। যার বেশির ভাগ হিন্দু বাঙালি। কে নেই সেই বাদের তালিকায়। প্রাক্তন রাষ্ট্রপতির পরিবার থেকে বিরোধী দলের বিধায়ক, কারগিল যোদ্ধা, স্বাধীনতা সংগ্রামীর পরিজন। ধীরে ধীরে শাসকপক্ষের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ভুক্তভোগীদের। এবার সেই বাদের তালিকায় যুক্ত হল আসামের আরো এক বিশিষ্ট ব্যক্তির।
তিনি হলেন ড. জিতেন্দ্রনাথ গোস্বামী, ভারতের গর্বের চন্দ্রযান ২ -এর অন্যতম উপদেষ্টা।
গত ৩১ আগস্ট প্রকাশিত হয় এনআরসির চূড়ান্ত তালিকা। যাতে বাদ যায় ১৯ লাখ মানুষের নাম। রাতারাতি নিজভূমে পরবাসী হয়ে যান অংসখ্য আসামবাসী।
ড. জিতেন্দ্রনাথ গোস্বামী বলেন, ‘আমরা গত ২০ বছর ধরে আহমেদাবাদে থাকি। কিন্তু কোনোভাবে আমার এবং পরিজনদের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে। আমার পরিবারের অনেকে এখনো আসামে থাকেন। জোরহাটে আমাদের জমিজমাও রয়েছে।’
ইতোমধ্যে নাগরিকত্বের ভবিষ্যৎ নিয়ে আঁধারে জিতেন্দ্রনাথ। যেভাবেই হোক আদালতের দ্বারস্থ হয়ে নাগরিকত্ব ফিরে পেতে চান ওই বিজ্ঞানী।
উল্লেখযোগ্য বিষয় হল, তার দাদা হিতেন্দ্রনাথ গোস্বামী অসম বিধানসভার অধ্যক্ষ।




