
চট্টগ্রাম জেলায় আরও ১৫৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৮২ জন এবং উপজেলার ৭৭ জন।
শনিবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত শুক্রবার বিআইটিআইডি, সিভাসু, চমেক, চবি, বেসরকারি ইম্পেরিয়াল এবং কক্সবাজারের মেডিকেল কলেজের ল্যাবে ৮৯০টি নমুনা পরীক্ষায় এ ফল আসে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৬২৫ জনে।
সিভিল কার্যালয়ের তথ্যানুযায়ী, বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৭৮টি। এদের মধ্যে পজিটিভ আসে ৬২ জনের। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৩৪ জন ও উপজেলার ২৮ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। ৪৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে নগরীর ১৫ জন এবং বিভিন্ন উপজেলার ২৮ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে এদিন ১৩০টি নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পজিটিভ আসে। যাদের মধ্যে ১৯ জন নগরীর এবং দুইজন উপজেলার বাসিন্দা।
গত শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৩৯টি। এর মধ্যে ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। যাদের মধ্যে নগরীর সাতজন ও বিভিন্ন উপজেলার ১৭ জন।
একইদিন নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে নগরীর সাতজনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রাম জেলার ১০টি নমুনা পরীক্ষা করে উপজেলার দু’জন বাসিন্দার করোনা পজিটিভ এসেছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন, সে হিসেবে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৬৫ জন।




