sliderস্থানিয়

ঘিওরে ভাবীকে হত্যাকারী রাকিব গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পারিবারিক বিরোধে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক দেবর রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (২১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, একটি কাঁঠালকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রাকিব (২৮) তাঁর স্বামীর ছোট ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘিওরের নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় সালাম মিয়া ও তাঁর ভাই রাকিব পাশাপাশি বসবাস করেন। তাঁদের বাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব তাঁর ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল তুলছিলেন। তখন রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে তর্কবিতর্ক শুরু হয়।

একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।

নিহত সোভা বেগমের দুই ছেলে রয়েছে। বড় ছেলে শামীম (১৭) ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন এবং ছোট ছেলে সাকিব (১১) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

রাকিবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক সুখেন্দু বসু বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে শনিবার রাত আটটায় পিবিআইয়ে পুলিশ সুপার জয়তী শিল্পী সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

স্থানীয় লোকজন জানান, এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button