আন্তর্জাতিক সংবাদশিরোনাম

গ্রীনল্যান্ড বিক্রি হবে না, ট্রাম্পের প্রস্তাব ‌‌হাস্যকর: ড্যানিশ প্রধানমন্ত্রী

রোববার (১৮ আগস্ট) গ্রীনল্যান্ড সফরে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। কয়দিন আগে টাকার বিনিময়ে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রীনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি তার অর্থনৈতিক উপদেষ্টা নিশ্চিত করেছিলেন।
এর প্রেক্ষিতে ড্যানিশ প্রধানমন্ত্রী বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রীনল্যান্ড বিক্রি হবে না এবং এটিকে আমেরিকার কাছে বিক্রির করার প্রস্তাব ‘হাস্যকর’।
তিনি বলেন, গ্রীনল্যান্ড বিক্রি হবে না। এটি ডেনমার্কের কোনো জিনিস নয়। গ্রীনল্যান্ডের মালিকানা সেখানকার অধিবাসীদের। আমি আন্তরিকভাবে বিশ্বাস করতে চাই যে, ঠাট্টার ছলে এটি কেনার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প রোববার নিজে সাংবাদিকদের কাছে এ কথার সত্যতা নিশ্চিত করেছেন যে, তিনি তার কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি বিষয়টির সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছেন।
আগামী মাসের শুরুর দিকে ডেনমার্ক সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেনের পাশাপাশি গ্রীনল্যান্ডের প্রধানমন্ত্রী কিম কিয়েলসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
হোয়াইট হাউজের অর্থনেতিক উপদেষ্টা ল্যারি কুডলো একথার সত্যতা নিশ্চিত করেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে ব্যক্তিগতভাবে গ্রীনল্যান্ড কেনার বিষয়ে কথা বলেছেন।
উত্তর আটলান্টিক ও আর্কটিক সাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত গ্রীনল্যান্ড দ্বীপের অর্থনীতি ডেনমার্কের সাহায্যের ওপর নির্ভরশীল। স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ ডেনমার্কের হাতে থাকলেও বাকি বিষয়গুলো পরিচালনায় স্থানীয় সরকার স্বাধীনতা ভোগ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button