গোপনে বাগদান সারলেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গোপনে বাগদান সারলেন দীর্ঘদিনের প্রেমিক ইফতেখার আলমের সঙ্গে। ১ লা মার্চ গোপনে বাগদান করলেও তা প্রকাশ করলেন ৮ জুন রাতে। সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় পরিবার ও বন্ধুদের সহযোগিতায় সাত বছরের প্রেম ২০২০ সালের মার্চে পরিপূর্ণতা পেয়েছে। আমরা একতাবদ্ধ।’
হবু বর নিয়ে বিস্তারিত কিছু জানাননি নুসরাত ফারিয়া। তবে ফারিয়ার এক ঘনিষ্ঠজন জানান, ফারিয়ার হবু বরের নাম ইফতেখার আলম। পেশায় তিনি একজন ব্যবসায়ী। জানা গেছে, করোনাভাইরাসের দুর্দিন কাটলেই বেশ জমকালো আয়োজনে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি।
মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে পদার্পণ ঘটে ২০১৫ সালে। যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে তিনি রূপালি জগতে পা রাখেন। ফারিয়া অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় ‘শাহেনশাহ’। এই সিনেমায় তিনি শাকিব খানের বিপরীতে কাজ করেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার কাজ নিয়ে।




